
সাংবাদিকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি সত্য প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্পিডবোট চলাচলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি ফরাজি আবু তাহেরর ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। জনস্বার্থসংশ্লিষ্ট একটি বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে যদি একজন সংবাদকর্মী হামলার শিকার হন, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—অনিয়মের বিরুদ্ধে কথা বলার অধিকার কি তাহলে দিন দিন সংকুচিত হয়ে আসছে?
স্পিডবোট চলাচল নদীবেষ্টিত রাঙ্গাবালীর মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন অসংখ্য মানুষ জীবিকার তাগিদে, চিকিৎসার প্রয়োজনে কিংবা জরুরি কাজে এই নৌযানের ওপর নির্ভর করেন। ফলে স্পিডবোট চলাচলে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তা সরঞ্জামের অভাব কিংবা অন্য কোনো অনিয়ম থাকলে তা খতিয়ে দেখা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। আর এসব অনিয়মের তথ্য জনসম্মুখে তুলে ধরা গণমাধ্যমের দায়িত্বেরই অংশ।
কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক ফরাজি আবু তাহেরের ওপর হামলার অভিযোগ উঠলে বিষয়টি আর কেবল ব্যক্তিগত বিরোধের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি জনস্বার্থ, নাগরিক অধিকার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশের সঙ্গে জড়িয়ে যায়।
প্রশ্ন হচ্ছে, স্পিডবোট চলাচলে কোনো অনিয়ম না থাকলে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার প্রয়োজন কেন? আর যদি অনিয়ম থেকেই থাকে, তাহলে তা আড়াল করার চেষ্টা কেন? কোনো সংবাদকর্মীর প্রতিবেদনের সঙ্গে দ্বিমত থাকলে তার প্রতিবাদ করার আইনসম্মত পথ রয়েছে। কিন্তু হামলা, ভয়ভীতি কিংবা হুমকি কখনোই গ্রহণযোগ্য প্রতিবাদের ভাষা হতে পারে না।
মনে রাখতে হবে, সাংবাদিকরা কারও ব্যক্তিগত শত্রু নন। তাঁরা সমাজের অসংগতি, দুর্নীতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন। তাঁদের কলম ও ক্যামেরার মাধ্যমে সাধারণ মানুষের না বলা কথাগুলো সমাজ ও রাষ্ট্রের সামনে আসে। সেই সাংবাদিকই যদি মাঠপর্যায়ে নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের সমস্যাগুলো তুলে ধরবে কে?
রাঙ্গাবালীর এই ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি—ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে স্পিডবোট চলাচলে কোনো অনিয়ম রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো সংবাদকর্মী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাধার মুখে না পড়েন, সেই পরিবেশও নিশ্চিত করতে হবে।
সবশেষে বলতে চাই, সত্য প্রকাশের পথ কখনো হামলা চালিয়ে বন্ধ করা যায় না। একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই পারে সমাজের অনিয়ম ও অসংগতিগুলো মানুষের সামনে তুলে ধরতে। তাই রাঙ্গাবালীতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত করা শুধু একজন সাংবাদিকের ন্যায়বিচারের প্রশ্ন নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের জানার অধিকারের প্রশ্ন।
সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত হোক, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ চলুক, সত্য প্রকাশের পথ হোক বাধামুক্ত।