মোঃ নিজাম উদ্দিনঃ-
সাংবাদিকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। পটুয়াখালীর রাঙ্গাবালীতে বৈশাখী টেলিভিশনের প্রতিনিধির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বিল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্ন।
একজন সংবাদকর্মীর প্রধান দায়িত্ব হলো সমাজের অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র জনসমক্ষে তুলে ধরা। এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাঁকে হামলা, ভয়ভীতি কিংবা হুমকির মুখে পড়তে হয়, তাহলে তা শুধু ওই সাংবাদিকের জন্য নয়, পুরো গণমাধ্যমের জন্য উদ্বেগজনক।
রাঙ্গাবালীর এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি আইনি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে পরোয়ানা জারি হওয়াই শেষ কথা নয়; এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি।
সাংবাদিকদের কাজের পরিবেশ নিরাপদ না হলে সাধারণ মানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছানো কঠিন হয়ে পড়ে। অপরাধ, অনিয়ম কিংবা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা যদি হামলার শিকার হন, তাহলে অপরাধীরা একসময় নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করতে পারে। এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।
আমরা মনে করি, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কোনো ধরনের আপস বা প্রভাব বিস্তারের সুযোগ থাকা উচিত নয়। অভিযুক্ত ব্যক্তি যে-ই হোক, তাঁর পরিচয় বা প্রভাব বিবেচনায় না নিয়ে আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় তাঁকে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
রাঙ্গাবালীর এই ঘটনা সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ এবং গণমাধ্যমকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।
সাংবাদিকের কলম থামিয়ে দিয়ে সত্যকে থামানো যায় না। বরং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত হলেই সত্য প্রকাশের পথ আরও শক্তিশালী হয়। আমরা চাই, গ্রেফতারি পরোয়ানা কার্যকর হোক, ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত হোক এবং ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার না হন।
এ ঘটনায় আদালত সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বর্তমান ঠিকানা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি।’
উল্লেখ্য, ঘটনার দিন যাত্রীবাহী স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় তাকে ভিডিও ধারণে বাঁধা দেওয়া হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করেন হামলার শিকার হওয়া সাংবাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় রাঙ্গাবালী প্রেস ক্লাব।