মোঃ নিজাম উদ্দিন, গলাচিপাঃ-
——————————————-
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ১২ নং চর বিশ্বাস ইউনিয়নে অবস্থিত দক্ষিণ চর আগস্তী দাখিল মাদ্রাসা। গলাচিপা উপজেলা শহর থেকে বিছিন্ন দ্বীপ ও চরের খেটে খাওয়া সরল সহজ প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানেরা শিক্ষা থেকে পিছিয়ে থাকার কারণে মরহুম মোঃ লুৎফর রহমান গাজী প্রতিষ্ঠা করেন দক্ষিণ চর আগস্তী দাখিল মাদ্রাসা। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে এই শিক্ষা প্রতিষ্ঠান। শিশু শ্রেণি থেকে দাখিল পর্যন্ত পাঠদান করানো হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে।
২০২২-২৩ অর্থ বছরে এমপি ভুক্ত হয় মাদ্রাসাটি। বর্তমানে মাদ্রাসায় প্রায় ৩৭০ জন কোমলমতি শিক্ষার্থী রয়েছে। বিগত সালে দাখিল পরীক্ষার ফলাফল সন্তোষ জনক হলেও নেই কোন সুন্দর পরিবেশে পাঠদানের ব্যবস্থা।
২৭ বছরের পুরনো জরাজীর্ণ টিনের ঘরটি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিগত সরকারের আমলে নেই কোন অনুদান। দুঃখের বিষয় হলো গলাচিপা উপজেলায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি অবকাঠামোগত সমস্যায় জর্জরিত। মরিচা ধরা নড়বড় টিনের চালা আর জোড়াতালি ভাঙাচোরা বেড়ার নিচে চলছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম।
বর্ষা ও দুর্যোগপূর্ন ঝড়-তুফানের দিনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে দৈনন্দিন শিক্ষা কার্যক্রম। বৃষ্টির দিনে মরিচা ধরা টিনের চালা চুইয়ে পানি পরে ভিজে যায় কোমলমতি শিক্ষার্থীদের বই-খাতা। চরাঞ্চলের এই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মানসম্মত ও নিরাপদ শিক্ষার অধিকার আজ চরম ভাবে ক্ষতিগ্রস্ত ও হুমকির মুখে।
স্থানীয় ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাবি, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নত ও নিরাপদ ভবনের প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপের জোর দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।