মোঃ নিজাম উদ্দিন (মিজান), চট্টগ্রাম:-

চিকিৎসাসেবার আড়ালে দালালদের দৌরাত্ম্য, অসহায় রোগী ও স্বজনদের পকেট কাটার অভিযোগ
মানুষ অসুস্থ হলে সুস্থতার আশায় ছুটে যায় হাসপাতালে। বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) দক্ষিণ চট্টগ্রামসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের লাখ লাখ মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল। কিন্তু সেই চিকিৎসাসেবার পবিত্র আঙিনায় যদি দালালদের দৌরাত্ম্য মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে সাধারণ মানুষের শেষ আশ্রয়টুকুও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে দালাল চক্রের তৎপরতা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ শোনা যায়।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালদের ধরতে রোগী ও স্বজন সেজে অভিযান চালাচ্ছে এসআরবি। ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়া এ অভিযানের প্রথম এক ঘণ্টায় অন্তত ১৫ থেকে ২০ জনকে আটক করা হয়েছে। তাঁদের হাসপাতালের ভেতরে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

অভিযানে এসআরবির সদস্যরা সাধারণ পোশাকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে ছড়িয়ে পড়েন। রোগী ও তাঁদের স্বজন সেজে তাঁরা দালালদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। এ সময় চিকিৎসকের প্রেসক্রিপশন পরীক্ষা করা কিংবা বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের আটক করা হয়।

অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর দালালদের একটি বড় অংশ হাসপাতাল এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীরা। তবে অভিযানের বিষয়ে না জানা ব্যক্তিদের কয়েকজনকে বিভিন্ন বিভাগ থেকে আটক করা হয়েছে।

দীর্ঘদিন ধরে চমেক হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ রয়েছে। চিকিৎসা নিতে দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের স্বজনদের বিভিন্নভাবে হয়রানি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এর আগে একাধিকবার অভিযান ও ধাওয়ার পরও কিছুদিনের মধ্যে আবার সক্রিয় হয়ে ওঠে দালালচক্র।

অভিযান নিয়ে এসআরবি কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রোগীর অসহায়ত্বই কি দালালদের ব্যবসার পুঁজি?
হাসপাতালে আসা অধিকাংশ রোগী ও স্বজন গ্রাম কিংবা দূরদূরান্ত থেকে আসেন। হাসপাতালের বিভাগ, পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসক দেখানো কিংবা শয্যা পাওয়ার নিয়ম সম্পর্কে অনেকেরই পর্যাপ্ত ধারণা থাকে না। এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি নিজেদের হাসপাতালের লোক পরিচয় দিয়ে রোগীদের বিভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে—এমন অভিযোগ প্রায়ই সামনে আসে।
কেউ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়, কেউ পরীক্ষা-নিরীক্ষার জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানে পাঠাতে চায়, আবার কেউ বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ দাবি করে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অভিযান চালান এসআরবি-৭।
প্রশ্ন একটাই—চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কি দালালমুক্ত হবে, নাকি রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে চলবে কথিত দালালচক্রের দৌরাত্ম্য?