নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রাম উন্নয়ন ও নাগরিক অধিকার বাস্তবায়ন দাবির প্রতি সমর্থন জানিয়ে নেতৃবৃন্দকে অভিনন্দন বিভাগীয় কমিশনারের প্রস্তাবিত সম্প্রসারিত চট্টগ্রাম মহানগরীর আওতাভুক্ত বোয়ালখালী, পটিয়া ও আনোয়ারার নির্ধারিত এলাকার স্থায়ী বাসিন্দাদের কালুরঘাট ও শাহ আমানত সেতুসহ টানেলে টোলমুক্ত যাতায়াত নিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরাম (BCCF)।
রোববার (৮ নভেম্বর) বেলা ১টায় চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। ফোরামের কেন্দ্রীয় মহাসচিব মো. কামাল উদ্দিনের নেতৃত্বে এবং কার্যকরী সভাপতি সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সমন্বয় ও সভাপতিত্বে প্রতিনিধি দলটি এ কর্মসূচিতে অংশ নেয়।
স্মারকলিপি গ্রহণকালে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের এ জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগকে স্বাগত জানান এবং ফোরামের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি দাবিটির যৌক্তিকতা ও জনকল্যাণমূলক দিকের প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে এ ধরনের গঠনমূলক নাগরিক উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তিনি আরও আশ্বস্ত করেন, ফোরামের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিটি যথাযথ প্রক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপনের গুরুত্বও তিনি তুলে ধরেন।
স্মারকলিপিতে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর ২০২৫–২০৫০ মেয়াদি প্রস্তাবিত মহাপরিকল্পনায় বোয়ালখালী, পটিয়া ও আনোয়ারার বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব এলাকা মহানগর পরিকল্পনার আওতায় এলে নগরীর সঙ্গে মানুষের কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। কিন্তু প্রতিদিন কালুরঘাট ও শাহ আমানত সেতু কিংবা টানেল ব্যবহার করতে টোল দিতে হলে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হবে।