বিশেষ প্রতিনিধি, গলাচিপাঃ-
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের পরিবারের খোঁজখবর নিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিমন্ত্রী নুরুল হক নুরের নির্দেশনায় মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় থাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।
এ সময় তিনি নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং প্রতিটি পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা ও শুকনো খাবার বিতরণ করেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর গলাচিপা-দশমিনা প্রতিনিধি আবু নাঈম, গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা এলজিইডির প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রাসেল প্যাদা, আবুল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ, পৌর যুব অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান হারুন, সাধারণ সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক ইলিয়াসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শনিবার রাতে গভীর বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার মধ্যে মাছ ধরতে গিয়ে রোববার রাতে ১১ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ৫ জন জেলে জীবিত উদ্ধার হলেও ৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ড, নৌবাহিনী, নৌপুলিশ এবং স্থানীয় জেলেরা যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।