নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ (চট্টগ্রাম):-
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মিশন দত্ত (৫১) নামের এক ব্যক্তিকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিশন দত্ত বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন—১. মো. সাগর (২২) ও ২. নাজিম উদ্দিন (৪২)। উভয়ের পিতা—বশর জিলার, সাং- পশ্চিম বাইনজুরী, ০৫ নম্বর ওয়ার্ড, বরমা ইউপি, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই ২০২৬ তারিখে পার্শ্ববর্তী জমির মালিক মো. মহিম উদ্দিন বাদীকে ফোন করে জানান যে অভিযুক্তরা তার অংশের জায়গায় চাষাবাদ করেছেন এবং বাদীর অংশেও চাষাবাদ করতে বলেন। এরপর ৩০ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে বিকাল আনুমানিক সাড়ে পাঁচটায় কক্সবাজার থেকে বাড়িতে এসে উক্ত জায়গায় যান এবং মো. মহিম উদ্দিনের সাথে কথা বলার সময় অভিযুক্তরা সেখানে এসে অহেতুক গালাগালি ও অপদস্থ করতে থাকেন।
এ ঘটনার প্রতিবাদ করলে ১ নম্বর অভিযুক্ত মো. সাগর ক্ষিপ্ত হয়ে বাদীর মুখে সজোরে ঘুষি মেরে মুখমণ্ডলের ডান পাশে জখম করেন। পরবর্তীতে বাদী মাটিতে পড়ে গেলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেন এবং পরিধেয় চশমা ভেঙে ফেলেন। এ সময় ২ নম্বর অভিযুক্ত নাজিম উদ্দিনও মারধর করার জন্য বারবার তেড়ে আসেন। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের নিবৃত্ত করেন।
পরবর্তীতে অভিযুক্তরা উক্ত জায়গায় গেলে বাদী ও তার পরিবারকে খুন-খারাবি এবং প্রাণে মেরে লাশ জমিতে পুঁতে ফেলার প্রকাশ্য হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে পরবর্তীতে থানায় এসে এই অভিযোগ দায়ের করা হয়। তফসিল বিবরণী অনুযায়ী জানা যায়, বরমা ইউনিয়নের পশ্চিম বাইনজুরী এলাকার বাইনজুরী মৌজার আরএস খতিয়ান নম্বর ১১৭, ৭৮১ এবং আরএস দাগ নম্বর ১৮৬৩, ১৮৬২ (সাঁমিল বিএস খতিয়ান নম্বর ৫৩৬, ৪৩০ এবং বিএস দাগ নম্বর ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫, ১৯৮৬ এর ৪৪ শতক আন্দর ১৮.৯২ শতক) জায়গা বাদীর রেজিস্ট্রার কৃত ও খরিদ সূত্রে ভোগদখলীয় সম্পত্তি।
ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী মিশন দত্ত।