এম এ গোফরান, বরিশালঃ-
বরিশাল সদর উপজেলা সম্মেলন কক্ষে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা ও সামাজিক সুরক্ষা জোরদারে ইসিসিআর ক্লাইমেট পরিবর্তন সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের ইনসেপশন প্রোগ্রাম ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে শিশু অধিকার সুরক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানব পাচার রোধ এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি। পাশাপাশি বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ প্রদান, পুষ্টি বাগান স্থাপন এবং কৃষি দক্ষতা উন্নয়ন কার্যক্রমও এর আওতায় রয়েছে, যা জীবিকা উন্নয়ন ও টেকসই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফরিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের সদস্য এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক রেজিনা জয়ধর। তিনি স্বাগত বক্তব্যে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরে বলেন, শিশু অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও মানব পাচার রোধে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা জিস্কেল ইজারদার বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। এছাড়া এমইএএল কর্মকর্তা মো: সৈয়দ আলাম প্রকল্পের সার্বিক কার্যক্রম, লক্ষ্য ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন। এতে শিশু সুরক্ষা, কমিউনিটি সচেতনতা বৃদ্ধি, নিরাপদ অভিবাসন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মানব পাচার রোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা বলেন, শিশু অধিকার রক্ষা, সামাজিক অনিয়ম প্রতিরোধ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সংস্থা, স্থানীয় সরকার ও কমিউনিটির সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। তারা প্রকল্পটির সফল বাস্তবায়নে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রকল্পের ডকুমেন্ট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এবং প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।